যুদ্ধ, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অবরোধের প্রভাবে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান। দেশটির মুদ্রা রিয়ালের দরপতন পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। বর্তমানে এক মার্কিন ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে প্রায় ৩০ লাখ রিয়াল। একই সঙ্গে লাগামহীন মূল্যস্ফীতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে কয়েক গুণ।
শনিবার (২৮ নভেম্বর) ইরানের মুদ্রাবাজারে প্রতি ডলারের বিনিময়মূল্য ৩০ লাখ রিয়ালের কাছাকাছি পৌঁছায়।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মুক্তবাজারের মুদ্রাবিনিময় হার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বোন-বাস্টের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) প্রতি ডলারের দাম ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল। পরদিন তা বেড়ে দাঁড়ায় ২৯ লাখ ৯২ হাজার রিয়ালে। অন্যদিকে, অ্যালানচেন্ডের হিসাবে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছিল ২৯ লাখ ৯৯ হাজার রিয়াল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ক্রমবর্ধমান অবরোধের মধ্যে মূল্যস্ফীতি বাড়তে থাকায় রিয়ালের এই নজিরবিহীন দরপতন হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর আগেই ইরানের অর্থনীতি নানা সংকটে ছিল। যুদ্ধ শুরু হওয়ার পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
খাদ্যপণ্যের দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধকে উল্লেখ করা হচ্ছে। গত জুলাই থেকে ইরানের বন্দরগুলোর ওপর এই অবরোধ কার্যকর রয়েছে। ফলে সমুদ্রপথে পণ্য আমদানি ও রপ্তানিতে বাধার মুখে পড়েছে দেশটি। বিকল্প হিসেবে স্থলপথে পণ্য পরিবহনের চেষ্টা করছে ইরান। তবে এই পথেও বাণিজ্য সীমিত করতে একটি বিশেষ কর্মীদল গঠন করেছে যুক্তরাষ্ট্র।
এর পাশাপাশি চলতি সপ্তাহে ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে ইরানকে বিচ্ছিন্ন করা এবং দেশটির ছায়া ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করাই এসব নিষেধাজ্ঞার লক্ষ্য।
ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটিতে ভোক্তা পণ্যের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। একই সময়ে বার্ষিক গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে। আর খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ১১২ দশমিক ৬ শতাংশ।
এমন পরিস্থিতিতে নিজেদের সঞ্চয়ের অর্থের মূল্য ধরে রাখতে ডলার ও সোনা কিনছেন অনেক ইরানি। স্থানীয় মুদ্রার ধারাবাহিক দরপতন ও মূল্যস্ফীতির কারণে সঞ্চয় নিয়ে উদ্বেগ বাড়ছে দেশটির সাধারণ মানুষের মধ্যে।
এর আগে গত আগস্টেও রিয়ালের বিনিময়মূল্য রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। তখন প্রতি ডলারের দাম ২০ লাখ রিয়াল ছাড়িয়ে যায়।
অন্যদিকে, গত জুলাইয়ে ইরানের বার্ষিক মূল্যস্ফীতির হার ছিল ৬৬ শতাংশ।
এসি//