একটি দলকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য দেশের মানুষ রক্ত দেয়নি, বরং তারা চেয়েছিল ব্যাপক পরিবর্তন—এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ শুধু একটি দলকে বিদায় করে অন্য দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে আন্দোলন করেনি। তারা রাষ্ট্র ও ব্যবস্থার ব্যাপক পরিবর্তন চেয়েছিল। এ প্রত্যাশার পেছনে বিশেষ ভূমিকা ছিল তরুণদের। এই যুবসমাজের কাছে জাতি ঋণী এবং তাদের প্রতি ভালোবাসা ও সম্মান রয়েছে।
তিনি বলেন, জামায়াতের নিজস্ব কোনো দাবি নেই। দলের উত্থাপিত সাত দফা মূলত জনগণের দাবি। ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিয়েছেন। নির্বাচনের আগে উভয় পক্ষই ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে তার পূর্ণ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিল।
জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, সনদের বেশ কিছু ধারায় দলটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নমত জানিয়েছে। তার দাবি, যেসব বিধান থাকলে ফ্যাসিবাদী পদ্ধতিতে দেশ পরিচালনা কঠিন হবে, সেসব ধারার ক্ষেত্রে বিএনপি আপত্তি জানিয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, বাংলাদেশ এখন ভালো অবস্থায় নেই এবং এর কারণ জনগণের কাছে স্পষ্ট। সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ সরকারের সময় বর্তমান ক্ষমতাসীনরাও নির্যাতিত ছিলেন, কিন্তু ৫ আগস্টের পর তারা সেই অভিজ্ঞতা ভুলে গেছেন।
৬ আগস্ট থেকেই আওয়ামী লীগের ধাঁচে জনগণের ওপর নির্যাতন শুরু হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারত্ব, দুর্নীতি, কমিশন গঠন ও রাজনৈতিক কূটকৌশলের মাধ্যমে মানুষকে দুর্ভোগে ফেলা হচ্ছে।
৫ আগস্টের পর জাতির সঙ্গে তাদের আচরণ ইতিহাসে বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
এমএ//