বিপুল অঙ্কের টাকা ও নানা সামগ্রীর মধ্যে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলেছে স্বর্ণা নামের এক ব্যক্তিকে উদ্দেশ করে লেখা আবেগঘন চিঠি। সাধারণ কাগজে হাতে লেখা চিঠিতে রয়েছে ভালোবাসার কথা, প্রিয় মানুষের মনে জায়গা পাওয়ার আকুতি।
চিঠিতে লেখা, ‘এই জীবনে আমি, তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা।’ শেষ হয়েছে সৃষ্টিকর্তার কাছে একটি প্রার্থনার মধ্য দিয়ে—‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন। আমিন।’
শনিবার (২১ নভেম্বর) সকালে দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী আলাদা করার সময় চিঠিটি পাওয়া যায়।
চিঠিতে প্রেরকের নাম-পরিচয় উল্লেখ নেই। কয়েকটি বাক্যের মধ্যেই ফুটে উঠেছে কারও প্রতি গভীর ভালোবাসা, আবেগ ও মনের একান্ত চাওয়া। স্বর্ণার মনে জায়গা করে নেওয়ার আকুতি জানিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন চিঠির লেখক।
পাগলা মসজিদের দানবাক্সে এমন ব্যক্তিগত অনুভূতির চিঠি পাওয়া নতুন নয়। এখানে মানুষ অর্থ-সম্পদের পাশাপাশি নানা মানত, আশা ও প্রার্থনা নিয়ে দান করেন। কখনো সেই দানের সঙ্গে মেলে মনের না বলা কথা, ব্যক্তিগত আকাঙ্ক্ষা কিংবা প্রিয়জনকে ঘিরে আবেগের প্রকাশ। স্বর্ণাকে লেখা এই চিঠিও তেমনই এক অনুভূতির নিদর্শন।
এদিকে, শনিবার সকাল ৭টায় মসজিদের ১০টি লোহার দানবাক্স এবং অতিরিক্ত পাঁচটি টিনের বাক্স খোলা হয়। এসব বাক্স থেকে পাওয়া যায় রেকর্ড ৫১ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নিয়ে শুরু হয় টাকা গণনার কাজ।
দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তারা।
এসি//