দেশজুড়ে edit this post

বিয়ের খাবার খেয়ে পল্লীচিকিৎসকের মৃত্যু, শতাধিক অসুস্থ

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে ফখরুল ইসলাম কিরণ নামের এক পল্লীচিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বরসহ অন্তত ১০০ জন অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিরণ নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামের মৃত ইউসুফ আলী মাস্টারের ছেলে।

 শনিবার (১৪ নভেম্বর)  দুপুরে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই পল্লীচিকিৎসক। নিকলী থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গতকাল বড়কান্দা গ্রামের আরজু মিয়া তার মেয়ে তাসমিতা বেগমের (১৯) বিয়ের আয়োজন করেন। বর ছিলেন পাশের শিংপুর গ্রামের আক্কাস আলীর ছেলে শেখ স্বাধীন (২৩)। বিয়ের অনুষ্ঠানে দুই পক্ষের প্রায় ৩০০ অতিথি অংশ নেন। জুমার নামাজের পর তাদের খাবার পরিবেশন করা হয়।

খাওয়ার পরপরই অতিথিদের অনেকে অসুস্থ হয়ে পড়েন। তাদের পেটব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়। পরে অসুস্থদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। অনেকে বাড়িতে থেকেও চিকিৎসা নিচ্ছেন।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বরের মামাতো ভাই সেলিম মিয়া জানান, বিয়ের অনুষ্ঠানে গরুর মাংস পরিবেশন করা হয়েছিল। তার ধারণা, মাংস ঠিকমতো সিদ্ধ না হওয়ায় তা খেয়ে অতিথিদের অনেকে অসুস্থ হয়ে পড়েন।

হাসপাতালে ভর্তি সকলে শঙ্কা মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

আই/এ