জাতীয়

শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন তাকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন ভারত কী সিদ্ধান্ত নেয়, সেটি তাদের বিষয়। দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়টিও একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে।

এ সময় শেখ হাসিনার মামলায় আপিলের সুযোগ নিয়েও কথা বলেন আসাদুজ্জামান।

তিনি বলেন, এই ধরনের মামলায় আপিলের কোনো আইনগত সুযোগ নেই। কারণ, বিশেষ আইনে আপিলের সুযোগ রাখা হয়নি।

আইনমন্ত্রী উল্লেখ করেন, এই আইন তারাই প্রণয়ন করেছিলেন।

এ ছাড়া সংবিধানের একটি বিধানের কথা তুলে ধরেন তিনি।

আসাদুজ্জামান বলেন, ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা সংবিধানের যে সংশোধনী এনেছিলেন, সেখানে ৪৭-এর ৩ অনুচ্ছেদে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তির মৌলিক অধিকারের দাবিদার হওয়ার সুযোগ রাখা হয়নি।

এদিকে, চব্বিশের গণ-অভ্যুত্থানে জেলায় জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত শিগগিরই শুরু করতে যাচ্ছে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এ কাজে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা সরকার দেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

তবে আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান #শেখ হাসিনা