২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গুরুত্বপূর্ণ শুনানি আজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ শুনানি গ্রহণ করবেন।
এর আগে গত ১ নভেম্বর অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে মামলায় গ্রেপ্তার ১১ আসামির একজন, সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। এ কারণে সেদিন শুনানি মুলতবি করে ১২ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
গ্রেপ্তার ১১ আসামি
মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি ও আবদুল লতিফ সিদ্দিকী।
এ ছাড়া রয়েছেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও সাংবাদিক ফারজানা রুপা।
পলাতক আসামিদের মধ্যে যারা রয়েছেন
শেখ হাসিনাসহ মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও জাহাঙ্গীর কবির নানক।
এ তালিকায় আরও রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার।
পলাতক আসামিদের তালিকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক ও তৎকালীন বেশ কয়েকজন কর্মকর্তাও রয়েছেন। তাঁদের মধ্যে আছেন সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ; সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তৎকালীন র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান।
এ ছাড়া রয়েছেন র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন ও মনিরুল ইসলাম।
সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার ও সৈয়দ নুরুল ইসলামসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও এ তালিকায় রয়েছেন। তাঁদের মধ্যে আছেন তৎকালীন ডিএমপির ডিসি মো. আনোয়ার হোসেন ও আশরাফুজ্জামান, এডিসি এসএম মেহেদী হাসান ও মো. আসাদুজ্জামান। এ ছাড়া রয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এসএম শিবলী নোমান এবং মতিঝিল থানার তৎকালীন ওসি বিএম ফরমান আলী।
যেভাবে এগিয়েছে মামলার কার্যক্রম
মামলার নথি অনুযায়ী, গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং কারাগারে থাকা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
এরপর ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। তাঁদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করেও পাওয়া যায়নি জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নন-এক্সিকিউশন রিপোর্ট বা এনইআর জমা দেয়।
পরে ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় তাঁদের পলাতক ঘোষণা করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সরকারি খরচে তাঁদের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।
মামলায় যে অভিযোগ আনা হয়েছে
প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগে মোট দুটি বিষয় তুলে ধরা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়েছে।