আন্তর্জাতিক

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে : রণধীর জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়। এটি আইন অনুযায়ী সুরাহা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিক গৌতম লাহিড়ী বলেন,  বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন, কিন্তু বাংলাদেশ সম্ভবত তা প্রত্যাখ্যান করেছে। একজন বাংলাদেশি নাগরিক নিজের দেশে ফিরে যেতে চাইছেন। এমতাবস্থায়, বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা বা মধ্যস্থতার ক্ষেত্রে ভারতের কি কোনো ভূমিকা রাখার সুযোগ আছে? এছাড়া, উভয় দেশের কনস্যুলার পরিষেবার বিষয়ে যে বৈঠক হওয়ার কথা রয়েছে, সেখানে কি অন্যান্য কনস্যুলার বিষয়ের পাশাপাশি এটি নিয়েও আলোচনা হতে পারে?

জবাবে জয়সওয়াল বলেন,  আপনি যে প্রশ্নটি করেছেন, তা মূলত বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞাসা করা উচিত। এই বিষয়ে তাদের কাছেই সঠিক তথ্য পাওয়া সম্ভব—অর্থাৎ, এই নির্দিষ্ট বিষয়টি নিয়ে তাদের অবস্থান কী।

 এএফপি (AFP)-এর সাংবাদিক ভুবন বলেন,  বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের অনুরোধ নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ কী আলোচনা হয়েছে? এছাড়া, ভারত ও বাংলাদেশের মধ্যে পানি বণ্টন নিয়ে কোনো আলোচনা বা চুক্তি হয়েছে কি, যা আপনি আমাদের জানাতে পারেন?

জবাবে জয়সওয়াল বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের বিষয়ে আপনার প্রশ্নের উত্তরে বলি—আমি আগেও বলেছি, আবারও বলছি, এটি একটি আইনি বিষয় এবং আইন অনুযায়ীই এর সুরাহা করা হবে।

‘ভারত এক্সপ্রেস’ এর সাংবাদিক কৃষ্ণ মোহন শর্মা বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বাংলাদেশ সরকারের কাছে একটি চিঠি লিখেছেন, যেখানে তিনি জানিয়েছেন যে তিনি ভারতে নির্বাসনে আছেন। এর জবাবে বাংলাদেশ সরকার বলেছে যে, যেহেতু তিনি তাদের ফৌজদারি আইনের অধীনে দোষী সাব্যস্ত হয়েছেন, তাই ভারতকে তাঁকে হস্তান্তর (প্রত্যর্পণ) করা উচিত। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান কী?

ভারতের মুখপাত্র বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি নিয়ে বলতে গেলে—আমি আগেই বলেছি, এটি একটি আইনি ও বিচারিক বিষয় এবং সেই অনুযায়ীই এর সুরাহা করা হবে।

‘দ্য হিন্দু’ এর সাংবাদিক কল্লোল জানতে চান পাসপোর্ট ছাড়া কি কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব? কোনো ব্যক্তিকে তাঁর নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে পাসপোর্ট কি অপরিহার্য?

রণধীর জয়সওয়াল বলেন,  ‘আপনি এখন আমাকে একটি আইনি প্রশ্ন করেছেন। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে আমি আগেই বলেছি যে, এটি একটি আইনি বিষয় এবং সেই অনুযায়ীই বিষয়টি দেখা হবে। তবে স্বাভাবিকভাবেই, ভ্রমণের জন্য ভ্রমণ নথির (ট্রাভেল ডকুমেন্ট) প্রয়োজন হয়—আমি যতটুকু বুঝি। কিন্তু আবারও বলছি, এটি একটি কারিগরি বিষয়; আমি এ বিষয়ে পরে আপনাকে জানাব’।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রণধীর জয়সওয়াল