যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের একেবারে বিপরীতে লাফায়েত স্কয়ারের কাছে একটি গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে সাময়িকভাবে অবরুদ্ধ করা হয় পুরো হোয়াইট হাউস। সোমবারের (০৯ নভেম্বর) এ ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবনটির ভেতরেই অবস্থান করছিলেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএনএ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওয়াশিংটন সানের সাংবাদিক মার্টিন অস্টারমুহলের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, একটি রূপালি রঙের সেডান গাড়ি লাফায়েত স্কয়ার পার্কের উত্তর প্রান্তের পাকা চত্বরে ঢুকে একটি সাইনবোর্ডে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর গাড়িটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

এ সময় গাড়ি থেকে নেমে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন চালক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি প্রকাশ করে মার্টিন অস্টারমুহল জানান, ‘কী কারণে গাড়িটি সাইনবোর্ডে ধাক্কা দিয়েছে তা স্পষ্ট নয়। তবে গাড়ি থেকে বের হওয়ার পর চালক সিক্রেট সার্ভিস কর্মকর্তা এবং ন্যাশনাল গার্ড বাহিনীর সদস্যদের সঙ্গে মারামারি করেন।’
পরে সিক্রেট সার্ভিস ও ন্যাশনাল গার্ডের সদস্যরা চালককে আটক করেন। তবে তাঁর পরিচয়, দুর্ঘটনার কারণ এবং এ ঘটনায় কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
হোয়াইট হাউসের আশপাশে নিরাপত্তা বেষ্টনীতে গাড়ির ধাক্কা লাগার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২৩ সালের মে মাসে ১৯ বছর বয়সী এক তরুণ একটি ইউ-হল ট্রাক নিয়ে লাফায়েত স্কয়ারে হোয়াইট হাউসের বিপরীত পাশের নিরাপত্তা বেষ্টনীতে ধাক্কা দেন। পরে প্রেসিডেন্টকে হুমকি দেওয়া এবং সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীরা ওই ঘটনাকে পরিকল্পিত হামলা বলে উল্লেখ করেছিলেন।
এসি//