ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে দেশটির পুলিশের তদন্ত চলায় এ বিষয়ে এখনই কোন মন্তব্য করতে চায়নি দিল্লী।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ইতোমধ্যেই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ফিরিয়ে আনতে দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, হাদির হত্যাকারীদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া বা কনস্যুলার অ্যাকসেসের বিষয়ে ভারতের অবস্থান কি?
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গ পুলিশ একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি চলমান তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট। তাই এই বিষয়ে আমার কোনও মন্তব্য করা সমীচীন হবে না।
আই/এ