আন্তর্জাতিক

দিল্লিতে কংগ্রেসের সমাবেশ, ব্যবসায়ীদের উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী দিল্লিতে কংগ্রেসের প্রস্তাবিত সমাবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন ব্যবসায়ীরা। আগামী পহেলা নভেম্বর রামলীলা ময়দানে দলটির সমাবেশ অনুষ্ঠিত হলে পুরোনো দিল্লিসহ রাজধানীর ২১টি বড় পাইকারি ও খুচরা বাজারের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন আশঙ্কা করছে ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিটিআই)। 

কংগ্রেস জানিয়েছে, সমাবেশে ১০ লাখ মানুষের জমায়েতের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ পরিস্থিতিতে সমাবেশটি আগামী ১০ নভেম্বরের পর আয়োজন অথবা বাণিজ্যিক এলাকাগুলো থেকে দূরে অন্য কোনো স্থানে সরিয়ে নিতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে চিঠি দিয়েছেন সিটিআইয়ের চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল। 

এর আগে গত ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে এক কর্মসূচির উদাহরণও তুলে ধরেছে সংগঠনটি। বলা হয়েছে, ওই কর্মসূচিতে তিন থেকে চার হাজার মানুষের জমায়েত হয়েছিল। এ কারণে মধ্য দিল্লির বিভিন্ন এলাকায় মানুষের চলাচল ব্যাহত হয়েছিল। এতে ব্যবসায়ীদের প্রায় তিন হাজার কোটি রুপির ক্ষতি হয়েছিল। 

সিটিআইয় জানিয়েছে, আগামী সমাবেশে ১০ লাখ মানুষের জমায়েত হলে দিল্লিতে প্রায় ১৫ থেকে ২০ হাজার যানবাহন প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১০ থেকে ১২ হাজার বাস এবং ৫ থেকে ৭ হাজার ছোট যানবাহন, গাড়ি ও অন্যান্য যান থাকতে পারে।

এত বিপুলসংখ্যক যানবাহনের পার্কিং ব্যবস্থা নিয়েও সমস্যা হবে। সমাবেশের রামলীলা ময়দানের আশপাশে ২০০টি যানবাহন রাখার মতো অনুমোদিত পার্কিং ব্যবস্থাও নেই।

সমাবেশের প্রভাবে চাঁদনি চক, সদর বাজার, খারি বাওলি, ভাগীরথ প্যালেস, চাওড়ি বাজার, কাশ্মীরি গেট, করোল বাগ, দরিয়াগঞ্জ, পাহাড়গঞ্জ, জামা মসজিদ, লাজপত রায় মার্কেটসহ ২১টি বাজার ক্ষতিগ্রস্ত হতে পারে। 

এ বিষয়ে কংগ্রেস নেতাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #দিল্লি #কংগ্রেস #ভারত