জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সোমবার (২৬ অক্টোবর) দুই দফা নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে দেয়া পোস্টে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁনের পোস্টের হুবহু বায়ান্ন টিভির পাঠকদের জন্য তুলে ধরা হলো-
ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠক।
গত ১৬ অক্টোবর মাগরিবের পরে বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সাথে এই বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জামায়াত নেতা এ. টি. এম. মা'ছুমসহ মোট ৩ জন অংশগ্রহণ করেন৷
যারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে, তারা কি কারণে, কোন স্বার্থে ভারতীয় এই গোয়েন্দা কর্মকর্তার সাথে গোপন বৈঠকে অংশগ্রহণ করেছে? কোনো ভারতীয় কূটনীতিকের সাথে বৈঠক করা, আর ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক হওয়া এক জিনিস নয়।

মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করে থাকে, আশা করি তিনি গোপন এই বৈঠকের বিষয়টি খোলাসা করবেন। অন্যথায় ধরেই নেওয়া হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামায়াত। এই ষড়যন্ত্রের প্রথম ফাঁদ হলো, আওয়ামীলীগকে সাথে নিয়ে জামায়াতের আন্দোলনের ছক!
এর কিছুক্ষণ পরে আর এক দফা ফেসবুক পোস্টে রাশেদ বলেন,
ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ার ও এটিএম মা'ছুমের গোপন বৈঠকের তথ্যটি শতভাগ সত্য।
আই/এ