আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তিন নেতার এই বৈঠক হতে পারে।
শনিবার (১৪ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের বলেন, এপেক সম্মেলনে যোগ দিতে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে গিয়ে বৈঠকে অংশ নেবেন ট্রাম্প। বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের মধ্যে এমন বৈঠককে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে।
ওয়েলস জানান, আলোচনায় পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি গুরুত্ব পাবে। ট্রাম্প মনে করেন, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।
বৈঠকে ইরান পরিস্থিতিও আলোচনায় আসতে পারে। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার কোনো পরিকল্পনা নেই। রাশিয়া ও চীন এখনো এ বৈঠক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি ও রয়টার্স জানিয়েছে, বৈঠক থেকে কোনো চুক্তি বা সমঝোতা আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে না।
পরিকল্পনা অনুযায়ী, আগামী বুধবার রাতে শেনজেনে পৌঁছাবেন ট্রাম্প। ২১ সদস্যের এপেক জোটের দুই দিনের সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
অলিভিয়া ওয়েলস আরও জানান, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের প্রেসিডেন্টের অংশগ্রহণে ত্রিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে ট্রাম্পের চীন সফর শেষ হবে।
এমএ//