যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে জারি করা উড্ডয়ন নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। রাডার ও যোগাযোগব্যবস্থায় বিভ্রাটের কারণে প্রায় চার ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর শুক্রবার রাতে আবারও দেশটির আকাশসীমায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক দিন লাগতে পারে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি।
স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ৩৬ মিনিটে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় রাডার, যোগাযোগব্যবস্থা ও বিমান নিয়ন্ত্রণকেন্দ্রে অস্থিতিশীলতা দেখা দেয়। এরপর রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা খুলে দেওয়া হয়।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করায় এফএএ উড্ডয়ন বন্ধের নির্দেশ দেয়। অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়েছিল এবং সেখান থেকে পাওয়া তথ্যে অসংগতি দেখা দিয়েছিল।
তিনি বলেন, রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা আবার খুলে দেওয়া হয়েছে। এফএর নিয়ন্ত্রণকেন্দ্র এবং টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোলের (ট্র্যাকন) কার্যক্রমও সচল রয়েছে। তবে বিভ্রাটের কারণে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে উঠতে সময় লাগবে। আগামী কয়েক দিনও এর প্রভাব থাকতে পারে।
এই বিভ্রাটের কারণে হাজার হাজার ফ্লাইটের চলাচল ব্যাহত হয় এবং ভোগান্তিতে পড়েন বহু যাত্রী।
এমএ//