২০২৭ সালের ন্যাটোর শীর্ষ সম্মেলন আলবেনিয়ায় হচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইদি রামা।
শুক্রবার (১৩ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সামরিক খাতে কম অর্থ বরাদ্দের কারণে ন্যাটোর সমালোচনার মুখে পড়েছে রামার সরকার। পাশাপাশি দেশে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা।
গেল বৃহস্পতিবার রামা জানান, আগামী ন্যাটো সম্মেলনের ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ২০২৮ সালে সম্মেলন হলে আলবেনিয়ার রাজধানী তিরানায় আয়োজনের সম্ভাবনা রয়েছে।
এদিকে ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছেন,আলবেনিয়ায় বসবে পরবর্তী ন্যাটো সম্মেলন, তবে এখনও চূড়ান্ত হয়নি তারিখ।
এর আগে গেল জুনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, আলবেনিয়ায় ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
আলজাজিরার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুনে হেগে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ঘোষণায় নেতারা জানান, পরবর্তী সম্মেলন ২০২৬ সালে তুরস্কে অনুষ্ঠিত হবে। এরপরের সম্মেলনটি হবে আলবেনিয়ায়।
চলতি বছরের জুলাইয়ে আঙ্কারায় সম্মেলন হলেও পরবর্তী শীর্ষ সম্মেলনের কোনো সময় বা স্থান তখন জানানো হয়নি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরই জরুরি ন্যাটো সম্মেলনের সম্ভাবনা, তবে ভেন্যু তিরানা নয়।