আন্তর্জাতিক

সমাধিসৌধে যে সেনার ধমক খেয়েছিলেন, তাকেই পদক দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: আরব নিউজ

যুক্তরাষ্ট্রের আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় নিজের সফরসঙ্গীদের নীরব থাকতে নির্দেশ দেওয়া এক সেনাসদস্যকে বিশেষ পদক দিয়ে সম্মানিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বুধবার (১১ নভেম্বর) ভেটেরানস ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের একটি ভিডিওতে ঘটনাটি সামনে আসে। ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত সেনার সমাধিসৌধের সামনে দাঁড়িয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, তার স্ত্রী ও জ্যেষ্ঠ উপদেষ্টারা হাসাহাসি ও কথাবার্তার মধ্যে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলেন। এ সময় সেখানে প্রহরার দায়িত্বে থাকা এক সেনাসদস্য তাদের নীরবতা বজায় রাখতে কঠোরভাবে নির্দেশ দেন।

পরে পেন্টাগন জানায়, সমাধিসৌধে দায়িত্ব পালনের সময় যথাযথ শৃঙ্খলা বজায় রাখার স্বীকৃতি হিসেবে স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াসকে জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

হেগসেথের নিজস্ব এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি নিজেই ইগলেসিয়াসের বুকে পদক পরিয়ে দিচ্ছেন। এ সময় তার সঙ্গে তৃতীয় মার্কিন পদাতিক রেজিমেন্টের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ‘ওল্ড গার্ড’ নামে পরিচিত এই রেজিমেন্টের সদস্যরা সমাধিসৌধটি সার্বক্ষণিক পাহারা দেন।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় হেগসেথ লেখেন, আমরা সেনাদের ভালোবাসি। আমরা নিয়ম ও শৃঙ্খলাকে ভালোবাসি। সাবাশ স্পেশালিস্ট। এগিয়ে চলো দেশপ্রেমিকেরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইগলেসিয়াস হেগসেথের সফরসঙ্গীদের দিকে এগিয়ে গিয়ে উচ্চকণ্ঠে তাদের সতর্ক করেন।

তিনি নির্দেশ দেন, সব দর্শনার্থীকে সার্বক্ষণিক নীরবতা ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের নিয়ম অনুযায়ী, দর্শনার্থীদের সেখানে ধীর ও নিচু স্বরে কথা বলতে হয়। অসম্মানজনক কিংবা বিশৃঙ্খল আচরণও সম্পূর্ণ নিষিদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাতনামা মার্কিন সেনার স্মরণে নির্মিত এই সমাধিসৌধ যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় স্মৃতিচিহ্ন।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, এই ভাবগম্ভীর দিনটি উদযাপনের সময় এক সেনাসদস্য অত্যন্ত সঠিক ও সম্মানজনকভাবে সবাইকে শিষ্টাচার বজায় রাখার বিষয়টি মনে করিয়ে দিয়েছিলেন। প্রতিরক্ষামন্ত্রী এবং পুরো প্রতিরক্ষা দপ্তর সর্বদা সেই সব সেনা সদস্যদের আত্মত্যাগকে সম্মান জানায়, যারা আমেরিকার নিরাপত্তায় নিজেদের বিলিয়ে দিয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পিট হেগসেথ #মার্কিন প্রতিরক্ষামন্ত্রী #আমেরিকা #ধমক