আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনরত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ মারা গেছেন। ৬৬ বছর বয়সী এই কূটনীতিকের মৃত্যুর কারণ এখনো প্রকাশ করেনি মস্কো। ওয়াশিংটনে রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার দেড় বছর পূর্ণ হওয়ার আগেই তার মৃত্যু হলো।

বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর খবর জানায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তবে দারচিয়েভের মৃত্যুর কারণ কিংবা কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পশ্চিমা দেশগুলোর নীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন দারচিয়েভ। ২০২৫ সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। মস্কো ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি ঘটে। বিশেষ করে ইউক্রেনকে ওয়াশিংটনের সামরিক সহায়তা দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। 

এছাড়া রাশিয়ার সামরিক অভিযানের কারণে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও মস্কোর বিরোধ তীব্র হয়। এমন এক পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্ব পান দারচিয়েভ।

তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন কমানোর নতুন কূটনৈতিক সম্ভাবনা তৈরি হয়।

এর আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন দারচিয়েভ। পরবর্তী সময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের দায়িত্বেও ছিলেন তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #আলেক্সান্ডার দারচিয়েভ #রাশিয়া