ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর বিষয়ে মতপার্থক্যকে কেন্দ্র করে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায়, ফোনালাপে ইরান ইস্যু এবং দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করা নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মতপার্থক্য উঠে আসে।
সংশ্লিষ্ট সূত্রগুলো এই কথোপকথনকে অত্যন্ত কঠিন ও সংঘাতপূর্ণ বলে বর্ণনা করেছে। একটি সূত্র ফোনালাপটিকে ‘নরক থেকে আসা চিৎকারময় কথোপকথন’ বলে উল্লেখ করেছে। তবে নেতানিয়াহুর কার্যালয় এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, ফোনালাপ উত্তপ্ত ছিল না। এ বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় প্রতিক্রিয়ায় জানায়, ‘ভুয়া খবর, সম্পূর্ণ অর্থহীন।’
একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাঁর দাবি, দুই নেতার কথোপকথন কঠিন ছিল না।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করতে ট্রাম্পকে ‘প্রতিদিন’ ফোন করে তাগাদা দিচ্ছেন নেতানিয়াহু। আলোচনার সঙ্গে পরিচিত এক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে আরও বলা হয়, নেতানিয়াহুর ধারাবাহিক প্রচেষ্টায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন আরব ও মুসলিম নেতারা। তাঁরা ট্রাম্পকে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার পরিবর্তে কূটনৈতিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
তবে সোমবার ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় মিত্ররা ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরুর বিরোধিতা করছে। সংঘাত অবসানের বিষয়ে ‘ইতিবাচক গতিশীলতার’ কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা পুনরায় শুরুর সম্ভাবনা ‘খুবই কম’।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান নতুন করে শুরুর তাৎক্ষণিক প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তাঁর মতে, অর্থনৈতিক চাপের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জিত হচ্ছে।
রুবিও আরও বলেন, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের ‘লাল রেখা’ অতিক্রম করা হলে জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার কাতার জানিয়েছে, মধ্যস্থতার প্রচেষ্টায় ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষের কাছ থেকেই ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরবর্তী সময়ে কূটনৈতিক তৎপরতা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও আলোচনা এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি।