ইরান যুদ্ধ বন্ধের প্রত্যাশার মধ্যেও হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববাজারে তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৯২ ডলার ২০ সেন্টে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৪৯ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৫৩ সেন্ট হয়।
এদিকে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় জাহাজে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির নতুন তথ্যে দেখা গেছে, গত অক্টোবরে ওই জলসীমায় ৩৭টি জাহাজে হামলা হয়েছে। যুদ্ধ শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ হামলার ঘটনা। চলতি নভেম্বরেও এখন পর্যন্ত ১০টি হামলার তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া ওমানের উপকূলে একটি তেলের ট্যাঙ্কারে আগুন এবং সাগরে মাইন বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ইউকেএমটিও ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
এ পরিস্থিতিতে যুদ্ধের অবসানে কোনো সমঝোতা হলেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক হওয়ার নিশ্চয়তা নেই বলে মনে করছেন লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) বিশ্লেষকেরা।
১০ নভেম্বর প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে তারা জানান, সমুদ্রপথে পুঁতে রাখা মাইন অপসারণ, বিমা ব্যয় এবং জাহাজ মালিকদের ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তের ওপর স্বাভাবিক নৌ চলাচল নির্ভর করবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুত বেড়েছে ৯০ লাখ ব্যারেল। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, দেশটির তেলের মজুত এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
এদিকে ইউক্রেনের ড্রোন হামলায় অক্টোবরের শেষ দিক থেকে রাশিয়ার তেল পরিশোধন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ কমেছে। এর মধ্যেই যুদ্ধবিরতির লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রথমবারের মতো আলোচনায় বসেছেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা।
এসি//