অর্থনীতি

৫৪ মাসের রেকর্ড ভেঙে কমল খাদ্য মূল্যস্ফীতি

বায়ান্ন প্রতিবেদন

দেশের বাজারে খাদ্যপণ্যের দাম কমতে শুরু করায় মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। গত অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি নেমে এসেছে ৬ দশমিক ৪০ শতাংশে। গত ৫৪ মাসের মধ্যে এটি সর্বনিম্ন। নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু খাদ্যপণ্যের দাম কমায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ২২ শতাংশ। এক মাসের ব্যবধানে তা কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশীয় পয়েন্ট।

খাদ্যপণ্যের পাশাপাশি সার্বিক মূল্যস্ফীতিতেও কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। সেপ্টেম্বরে দেশের সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। অক্টোবরে তা কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে।

বিবিএসের হিসাবে, গ্রাম ও শহর—উভয় এলাকাতেই খাদ্য মূল্যস্ফীতি কমেছে। গ্রামাঞ্চলে সেপ্টেম্বরে এ হার ছিল ৭ দশমিক ১৮ শতাংশ, অক্টোবরে তা কমে হয়েছে ৬ দশমিক ৩৭ শতাংশ। অন্যদিকে, শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪২ শতাংশে নেমেছে।

অক্টোবরে বোয়াল, আইড়, বেলে ও কই মাছের পাশাপাশি তরল দুধ, বেগুন, লাউ, মিষ্টিকুমড়া, গাজর, শসা ও মুলার দাম কমেছে। এ ছাড়া পোশাক, স্বর্ণ ও রুপার দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বিশেষ করে ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে।

এ বিষয়ে বিবিএসের জাতীয় হিসাব শাখার পরিচালক (চলতি দায়িত্ব) মো. শাহাবুদ্দিন সরকার বলেন, বিবিএসের তথ্য অনুযায়ী মূল্যস্ফীতির যে প্রবণতা দেখা যাচ্ছে, তা বাজারের বর্তমান পরিস্থিতিরই প্রতিফলন।

তবে খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। সেপ্টেম্বরে এ খাতের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে।

এ ক্ষেত্রে গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৭ শতাংশ থেকে বেড়ে ১০ দশমিক ২১ শতাংশ হয়েছে। শহরাঞ্চলেও এ হার ৮ দশমিক ৯৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৪৮ শতাংশে।

এদিকে, খাদ্যবহির্ভূত পণ্যের দাম বাড়লেও খাদ্য মূল্যস্ফীতি কমে আসায় সার্বিক মূল্যস্ফীতিতে তার ইতিবাচক প্রভাব পড়েছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এবার সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেশি। গত বছরের অক্টোবরে এ হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ।

মাসভিত্তিক হিসাবে অবশ্য ভোক্তা মূল্যসূচক ও মূল্যস্ফীতি দুটোই বেড়েছে। অক্টোবরে ভোক্তা মূল্যসূচক দাঁড়িয়েছে ১৫৬ দশমিক ১৩ পয়েন্টে। সেপ্টেম্বরে তা ছিল ১৫৩ দশমিক ৩৩ পয়েন্ট। একই সময়ে মাসভিত্তিক মূল্যস্ফীতি ১ দশমিক ১২ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ৮২ শতাংশ হয়েছে।

অক্টোবরে যেসব পণ্যের দাম বেড়েছে, সেগুলোর মধ্যে রয়েছে সামুদ্রিক মাছ, বরবটি, পাকা পেঁপে, মসুর ডাল, মুগ ডাল, গৃহস্থালি প্রয়োজনীয় সামগ্রী, জ্বালানি তেল ও বোতলজাত গ্যাস। এসব পণ্যের মধ্যে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি বেড়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ৩৮৩টি পণ্যের ৭৪৯টি ধরন বিবেচনায় নিয়ে ভোক্তা মূল্যসূচক তৈরি করা হয়। এর মধ্যে খাদ্যপণ্য ২৪২টি এবং খাদ্যবহির্ভূত পণ্য ৫০৭টি।

প্রতি মাসের ১১ থেকে ১৯ তারিখ পর্যন্ত মহানগর, জেলা শহর ও গ্রামীণ এলাকার হাটবাজারসহ মোট ১৫৪টি বাজার থেকে এসব পণ্যের দাম সংগ্রহ করা হয়। এ কাজে তথ্য নেওয়া হয় ৪৬২টি দোকান ও বিক্রয়কেন্দ্র থেকে। সংগৃহীত দামের গড় এবং নির্ধারিত ভার বিবেচনায় নিয়ে জাতীয় ভোক্তা মূল্যসূচক তৈরি করে বিবিএস।

সূত্র: বাসস

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #খাদ্যপণ্য #মূল্যস্ফীতি