দুর্ঘটনা

ইনানীতে গ্যাসকূপের বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে নলকূপ খননের সময় বের হওয়া গ্যাস থেকে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনার দুই দিন পর, আবারও বিস্ফোরণে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) সাতজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ইনানী ছোট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস ছালাম গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

তিনি জানান, সম্প্রতি আগুন নেভানোর পর রোববার সেখানে সার্ভের কাজ চলছিল। এসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে।

এ ঘটনায় বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ, রিগ মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন। তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। বাকি তিনজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, গত ২৭ অক্টোবর ইনানী ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে গ্যাসে আগুন ধরে যায়। কারিগরি জটিলতা ও কয়েক দফা চেষ্টায় টানা ৩১ দিন পর গত শুক্রবার সকাল ৯টার দিকে কূপটিতে জ্বলতে থাকা আগুন নেভাতে সক্ষম হন বাপেক্স কর্মকর্তারা। সে সময় ৩০ ইঞ্চি ব্যাসের ক্যাসিং ও ডাইভার্ট লাইন স্থাপনের মাধ্যমে গ্যাসের প্রবাহ অন্যদিকে সরিয়ে নেওয়া হয়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর গ্যাসের উৎস, মজুত ও ভূতাত্ত্বিক পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে সেখানে জরিপের কাজ শুরু করে বাপেক্স। এর মধ্যেই নতুন করে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মীরা আহত হলেন।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার #ইনানী গ্যাসকূপ #বাপেক্স