দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনেরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শরীয়তপুরের নওডোবা এলাকায় পদ্মা সেতুর অবতরণস্থলের কাছে ফজরের নামাজের পর একটি ঘটনা ঘটেছে। অনেক লোক সেতুতে এসে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল বলে তিনি শুনেছেন। তবে সেখানে তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বা সংঘর্ষের ঘটনাও ঘটেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “এখনো আমরা বিস্তারিত তদন্ত করিনি। তবে সেখানে দুইজনের প্রাণহানি হয়েছে বলে শুনেছি।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এ অবস্থায় চলমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের এমন কোনো পরিকল্পনা নেই। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কোনো শঙ্কা নেই বলে জানান তিনি।
ঢাকায় নিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে বাহিনীগুলো সতর্ক থাকে এবং প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করে। এটি তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
এসি//