ন্যূনতম মজুরি ঘোষণায় সাধারণ শ্রমিকরা সন্তুষ্ট থাকলেও কিছু ব্যক্তি শ্রমিকদের নাম ব্যবহার করে এবং সীমান্তের ওপার থেকে উসকানি দিয়ে বিচ্ছিন্নভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এসব অপচেষ্টা কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। পুলিশসহ সব বাহিনী দেশের যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
হাসপাতাল পরিদর্শনের সময় চিকিৎসাধীন পুলিশ সদস্যদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন মন্ত্রী। আহতদের উন্নত ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। এ সময় আহত সদস্যদের সাহস জোগানোর পাশাপাশি দায়িত্ব পালনে তাদের ভূমিকার প্রশংসা করেন। বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ পদকসহ বিভিন্নভাবে তাদের পুরস্কৃত করার ঘোষণাও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। তাদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে কিছু সদস্যকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, চাকরিতে যোগ দেওয়ার সময় তারা প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমাল রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার শপথ নেন। সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় গুরুতর আহত হওয়ার পরও বাহিনীর সদস্যরা ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরি স্বাগত জানিয়েছেন এবং তারা সন্তুষ্ট ও সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি এবং সীমান্তের ওপার থেকে উসকানি দিয়ে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা করছে। দেশের দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল ও অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। এসব চেষ্টা সফল হবে না।
হাসপাতাল পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার পরিকল্পনার নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন ও চিকিৎসাসেবার মান বাড়াতে চলমান প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি।
এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক সহিংসতায় আহত আট পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জন গোপালগঞ্জ, একজন গাজীপুর সদর এবং একজন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত।
এমএ//