জাতীয়

আসিব আসিব বলিয়া কত দিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে সরকারের কোনো উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার কথা বারবার বলা হলেও বাস্তবে তা হচ্ছে না।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আসিব আসিব বলিয়া’ কত দিন পার হবে। কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে।

এ সময় জার্মানির নাৎসি বাহিনীর উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাস সাক্ষী, গণহত্যাকারী কোনো ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও আর রাজনীতিতে ফিরতে পারেনি। আওয়ামী লীগও পারবে না। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে কেবল বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরতে হবে।

আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব দেখেছে, দলটি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ওপর সহিংসতা চালাচ্ছে। এরপরও কেউ জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দলটি নিষিদ্ধ হবে কি না, সে সিদ্ধান্ত আদালত নেবে বলে উল্লেখ করেন তিনি।

বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোথাও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিলে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা নিয়মিত কার্যক্রমের অংশ। আসন্ন মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

গার্মেন্টস খাতে শ্রমিক অসন্তোষের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যূনতম মজুরি নির্ধারণ করায় প্রকৃত শ্রমিক ও মালিকেরা সন্তুষ্ট। তবে একটি মহল গুজব ছড়িয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে শ্রমিক অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাশাপাশি জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা #স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ