রাজনীতি

যিনি আসি আসি বলেও আসেন না, তিনি আসবেন না : হাসনাত আবদুল্লাহ

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনা  সারা জীবন বলে এসেছেন, পালিয়ে যাবেন না, পালিয়ে যাবেন না। কিন্তু শেষ পর্যন্ত চলে গেছেন। যিনি আসি আসি বলেও আসেন না, তিনি আসবেন না। তবে আমরা চাই, উনি ফিরে আসুক। ফিরে এলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এগুলো সব নাটক। জুলাইয়ের পর যে নাটক শুরু হয়েছে, এটিও তারই অংশ। নাটক কম করেন। মূলত আওয়ামী লীগের আদর্শে দীক্ষিত কিছু লোককে উজ্জীবিত করার জন্যই এসব নাটক করা হচ্ছে। কখনো তার জন্য বিমান পাঠানো হচ্ছে, কখনো গাড়ি পাঠানো হচ্ছে, আবার কখনো সীমান্তে খোঁজখবর নেওয়া হচ্ছে। এগুলো সবই নাটক।

তিনি বলেন,  বাসে আগুন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি ভিডিও তৈরির জন্য আওয়ামী লীগের লোকজন এখন ছোটখাটো কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে। একধরনের গোপন বা হিডেন কনটেন্ট ক্রিয়েটর হয়ে তারা ভিডিও তৈরি করছে। খুব নিচু স্বরে ‘জয় বাংলা’ বলছে এবং এসব ভিডিও বিদেশে ছড়িয়ে দিচ্ছে। এটি এক ধরনের মেসেজিং কার্যক্রমে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তের ওপার থেকে একদিন বিমান চাওয়া হচ্ছে, আরেকদিন গাড়ি চাওয়া হচ্ছে, আবার কখনো অন্য কিছু চাওয়া হচ্ছে। অথচ তিনি যখন দেশে ছিলেন, তখন বলতেন, ভারতকে যা দিয়েছেন, ভারত সারাজীবন তা মনে রাখবে। কিন্তু এখন ভারত তাকে একটি বিমান পর্যন্ত দিচ্ছে না। তাকে একরকম এক কাপড়ে বিদায় করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

এ এনসিপি নেতা বলেন,  ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তার বিরুদ্ধে যে বিচারের রায় হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমাদের পাঁচ দফা দাবি আদায়েও সারা দেশে কর্মসূচি চলমান রয়েছে।

শোভাযাত্রায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ নেতাকর্মীরা অংশ নেন।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হাসনাত আবদুল্লাহ