রাজনীতি

পরিস্থিতি এমন যে বিধবা কার্ড দিলে এমপির বউ সবার আগে নেবে : হাসনাত আবদুল্লাহ

এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, কিছুদিন আগে একটা নিয়োগপ্রক্রিয়ার মতো হয়েছে, সারের ডিলারশিপে। সেখানে এমপির ছেলেও সারের ডিলারশিপ পেয়েছে, এমপির মেয়েও পেয়েছে, এমপির শালীও পেয়েছে। মানে, বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে এমন যে বিধবা কার্ড এমপির বউ দেখা যাবে সবার আগে বলবে, ‘আমাকে একটা দাও।’ আর বেকার কার্ড, এগুলো সবার আগে উনারা পাবে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর ছাত্রশক্তির উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, দেশে মেধা ও যোগ্যতার চেয়ে পরিবারতন্ত্রকে প্রাধান্য দেওয়া হচ্ছে। চাকরির নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন সুযোগ-সুবিধা বণ্টনেও সংসদ সদস্যদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাচ্ছেন।

তিনি বলেন,  ‘এই নিচু মানসিকতার উপরে উঠে আম প্রজন্ম আপনারা যারা আছেন, আমরা যেন যোগ্যতা এবং মেধাকে সর্বোচ্চ জায়গায় প্রাধান্য দিয়ে একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। সেক্ষেত্রে আপনাদের সহায়তা চাই, আমরা চাই আপনারা আমাদের সহায়তা করবেন।’

তিনি আরও বলেন, চুয়েটের উপাচার্যকে কোনো টিচার চায় না, উনাকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও চায় না, উনাকে উনার কলিগরাও চায় না; নির্লজ্জের মতো আজকে তালা ভেঙে উনি উনার চেয়ার দখল করেছেন। উনার তো ন্যূনতম লজ্জার একটি বিষয় আছে। উনি কী করছেন, ছাত্রদলের কয়েকজন গুন্ডা নিয়ে উনি রুমের তালা ভাঙছেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জোবায়ের সরদার প্রমুখ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #হাসনাত আবদুল্লাহ