এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রীর আশপাশে যে লোকগুলো আছে, হয় তারা দ্বৈত নাগরিক, তাদের বিদেশের ভিসা রয়েছে, অথবা তাদের ফিরতি ফ্লাইটের টিকিট পকেটে সবসময় থাকে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মোহাম্মদপুরে এক সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীর আশপাশে যে লোকগুলো আছে, আগে আপনারা তাদের দেখেননি, ভবিষ্যতেও আপনারা দেখবেন না। কোনো একটা সংকট আসুক, তাদের এই ফিরতি ফ্লাইটের টিকিটে করে তারা আবার আগের জায়গায় চলে যাবেন। লন্ডন থেকে যে মানুষগুলো যুক্ত হয়েছেন, তারা নিজেরাও জানেন, নিজেরাও বিশ্বাস করেন যে, দুই বছরের বেশি থাকতে পারবেন না। যেহেতু দুই বছরের বেশি থাকতে পারবেন না, এটা তাদের বিশ্বাস।
তিনি বলেন, বিএনপিকে যারা ভোট দিয়েছেন,তাদের অবস্থা ময়মনসিংহের মেয়েটার মতো। তাদের বিশ্বাস কিন্তু পাঁচ বছরেরই ছিল। এখন যখন ভুলটা বুঝতে পেরেছে, উপলব্ধি হয়েছে, এই কারণে নিজের গায়ে নিজে জুতা মারে। কিন্তু প্রধানমন্ত্রীর আশপাশে যে লোকগুলো আছে, তারা তো আর পাবলিকের সামনে জুতা মারতে পারবে না। সেজন্য তারা দেখা যাচ্ছে, যতটা সম্ভব লুটেপুটে আবার বিদেশে যাওয়ার বন্দোবস্ত করছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সবসময় কুমড়ার ভর্তা খান, সবজি খান। উনি রাতে ঘুমান না। উনি দুই ঘণ্টা, তিন ঘণ্টা ঘুমান। আমরা বিরোধী দলের রাজনীতি করি, কিন্তু আপনার প্রতি আমাদের একটা মায়া আছে। সত্য হলো, আপনি বেগম জিয়ার সন্তান। আপনাদের প্রতি আমাদের একটা আন্তরিকতা আছে। আপনি পুষ্টিহীনতায় ভুগছেন। আপনি যেহেতু নিয়মিত ঘুমান না, আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় এই কারণে সবগুলো ভুল হয়।
এ এনসিপি নেতা বলেন, সরকারের মন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সর্বপ্রথম পদত্যাগ করানো উচিত। তাকে পদত্যাগ করানো উচিত নানাবিধ কারণে। এক নম্বর কারণ, মিথ্যা কথা বলার কারণে। উনি ইতোমধ্যেই সাংবিধানিক যে শপথ, সেই শপথ মিথ্যা কথা বলে ভঙ্গ করেছেন।
আই/এ