রাজনীতি

ক্রসফায়ার চালালে পুলিশের ওপর আবারও নিষেধাজ্ঞা আসতে পারে : নাসীরুদ্দীন

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, পুলিশে নতুন বেনজীর এসেছেন। সরকার বললে নাকি তিনি ক্রসফায়ার চালাবেন। ক্রসফায়ার চালালে পুলিশের ওপর আবারও নিষেধাজ্ঞা আসতে পারে। তাই আইজিপির বক্তব্য প্রত্যাহার করতে হবে। তা না হলে পুলিশের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বাঁচানো যাবে না।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মুগদায় আইনশৃঙ্খলা ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাবেক প্রতিমন্ত্রী ইশরাকসহ বিভিন্ন জায়গায় সরকারদলীয় ব্যক্তিরা অস্ত্র হাতে নেমেছেন। এ পরিস্থিতিতে কে ডাকাত, কে চাঁদাবাজ আর কে মাদক কারবারি, তা নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

তিনি বলেন, সরকার গ্যাসের ফি নিচ্ছে কিন্তু গ্যাস দিচ্ছে না। জনগণ কষ্টে রয়েছে। শেখ হাসিনা যখন জনগণকে কষ্ট দিয়েছে তখন আমরা তাকে বিদায় করেছি। এখন বর্তমান সরকার যখন কষ্ট দিচ্ছে, তখন নাকি তাকে ধরা যাবে না ছোঁয়াও যাবে না।

তিনি আরও অভিযোগ করেন, সরকারদলীয় ব্যক্তিরা অটোরিকশা ও দোকান থেকে চাঁদাবাজি করছেন। তার ভাষ্য, আগে ছাত্রলীগ চাঁদাবাজি করত, এখন ছাত্রদল করছে। চাঁদাবাজির এই কর্মকাণ্ড চক্রবৃদ্ধি হারে বাড়ছে।

এ এনসিপি নেতা বলেন,  জনগণের সমস্যাগুলো সংসদে তুলে ধরতে সরকার বলেছিল। কিন্তু সেখানে সমস্যার সমাধান না হওয়ায় তাদের আবার রাজপথে নামতে হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নাসীরুদ্দীন পাটওয়ারী