আইন-বিচার

নিঃশর্ত ক্ষমা না চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

ফাইল ছবি

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ১৫ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত সহ-দফতর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আইনজীবী মাহমুদুর রহমান মিশন ভূঁইয়ার পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়াছিন আরাফাত (সম্রাট) এ নোটিশ পাঠান।

‎ এতে বলা হয়, সম্প্রতি ঢাকার একটি জনসভায় পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে উদ্দেশ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন , ‘এই যে সন্ত্রাসী গোষ্ঠী আছে...জায়গায় এ্যানি চৌধুরীর ফোন কল যায় না, যে আমারে টাকা পাঠায়।’

‎নোটিশে দাবি করা হয়, বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গত ৩০ অক্টোবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্যটি প্রচারিত হয়। এতে মন্ত্রীর ব্যক্তিগত মর্যাদা ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে।

‎নোটিশে আরও বলা হয়, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার বিরুদ্ধে এ ধরনের বক্তব্য ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির অপরাধের পর্যায়ে পড়ে।

নোটিশ পাওয়ার  ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার এবং মন্ত্রীর কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে প্রচলিত আইন অনুযায়ী উপযুক্ত আদালতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে  সতর্ক করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নাসীরুদ্দীন পাটওয়ারী