আইন-বিচার

তাহসিফ হত্যা: দীপের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর

বায়ান্ন প্রতিবেদন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির হত্যা মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে দ্বিতীয় দফায় আরও তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৩ নভেম্বর) ঢাকার মহানগর হাকিম হাসিবুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও নৌপুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন দীপকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, প্রথম দফায় জিজ্ঞাসাবাদের সময় দীপ ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে আসামি অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় জিজ্ঞাসাবাদের সময় একাধিক প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরব থেকেছেন। এ কারণে তাকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এর আগে, এ মামলায় গ্রেপ্তারের পর গত শনিবার (৩১ অক্টোবর) দীপকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠান আদালত। একই মামলায় গ্রেপ্তার দীপের সঙ্গে নেস্ট বারে দেখা যাওয়া দিশা নামের এক তরুণীও চার দিনের রিমান্ডে রয়েছেন। গত রোববার তার রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম গত শুক্রবার রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #তাহসিফ সৌরি #বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট #দীপ #হত্য