দেশজুড়ে edit this post

বিদেশি পিস্তল ও গুলিসহ চাচা-ভাতিজা আটক

ছবি: সংগৃহীত

চাঁদপুরের কচুয়া পৌরসভা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- কড়ইশ গ্রামের নাহিদ হোসেন (২৭) ও তার ভাতিজা আরাফাত হোসেন সানি (২১)।

বুধবার (২৫ নভেম্বর) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে সন্দেহজনকভাবে চলাচল করায় ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে আটক যুবকদের মোবাইল ফোন যাচাই করতে গিয়ে মো. আরাফাতের ফোনের গ্যালারিতে একটি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা।

এ বিষয়ে জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, পিস্তলটি তার চাচা নাহিদ হোসেনের। শখের বশে পিস্তলটি হাতে নিয়ে সে ছবিটি তুলেছিল। পরে আরাফাতের দেওয়া তথ্যের ভিত্তিতে কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় নাহিদ হোসেনের বসতঘরের খাটের ড্রয়ারের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি ফয়েজ আহমেদ বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #চাঁদপুর #বিদেশি পিস্তল #পুলিশ