আন্তর্জাতিক

বৃদ্ধাশ্রমে পরিচয়, ৭৫ বছরের বর ও ৬৩ বছরের কনের নতুন সংসার

আন্তর্জাতিক ডেস্ক

জীবনের শেষ অধ্যায়ে এসে আবারও সঙ্গী খুঁজে পেয়েছেন ভারতের হিমাচল প্রদেশের ৭৫ বছর বয়সী কানহাইয়া লাল ও ৬৩ বছর বয়সী সাবিনা। পরিবার ও স্বজনদের সঙ্গহীন এই দুই মানুষ একে অপরের মধ্যে খুঁজে পেয়েছেন ভালো থাকার অবলম্বন। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর বিশ্বাস ও ভালোবাসা। সবশেষে জীবনের বাকি পথ একসঙ্গে চলার সিদ্ধান্ত নিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। আর সেই বিয়ের আয়োজন হয়েছে তাদের ঠিকানা বৃদ্ধাশ্রমেই।

বুধবার (২৫ নভেম্বর) হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার দয়োলিতে ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সকাল সাড়ে ১১টার দিকে আনন্দঘন পরিবেশে একে অপরকে মালা পরিয়ে দেন কানহাইয়া ও সাবিনা। এরপর সম্পন্ন হয় বিয়ের অন্যান্য আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার উপকমিশনার কিরণ ভাদানা।

নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘জীবন সব সময়ই দ্বিতীয় সুযোগ দেয়। আমাদের উচিত সেই সুযোগ গ্রহণ করে আনন্দের সঙ্গে সামনে এগিয়ে যাওয়া।’

তার মতে, বার্ধক্য মানুষের চাহিদা, আকাঙ্ক্ষা কিংবা সঙ্গ পাওয়ার ইচ্ছার সমাপ্তি নয়। এই বিয়ে সমাজে ইতিবাচক বার্তা দেবে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, কানহাইয়া লালের বাড়ি মান্ডি জেলার জানজেহলি এলাকায়। কয়েক বছর আগে স্ত্রী ও ছেলেকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে বাড়িঘর ছেড়ে বনের একটি গুহায় বসবাস শুরু করেন। ২০২২ সালে তাকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে নেওয়া হয়। এর আগে তিনি গণপূর্ত বিভাগে চাকরি করতেন। ২০০০ সালে অবসরে যান।

অন্যদিকে, সাবিনার বাড়ি কলকাতায়। প্রায় চার বছর আগে শিমলা যাওয়ার পথে তাকে অপ্রকৃতিস্থ অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ তাকে মাশোবরা এলাকার নারী নিকেতনে ভর্তি করে। সেখান থেকে ২০২৫ সালে বিলাসপুরের ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয় তাকে।

এই বৃদ্ধাশ্রমেই পরিচয় হয় কানহাইয়া ও সাবিনার। সময়ের সঙ্গে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব ও বিশ্বাস। একপর্যায়ে সেই সম্পর্ক রূপ নেয় ভালোবাসায়। জীবনের বাকি সময় একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন তারা। সেই সিদ্ধান্তের বাস্তব রূপ পায় বৃদ্ধাশ্রমের বিয়ের আয়োজনে।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ কর্মকর্তা রমেশ বনসাল, বৃদ্ধাশ্রম পরিচালনাকারী মানব সেবা ট্রাস্টের চেয়ারম্যান প্রকাশ চাঁদ বনসালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কানহাইয়ার গ্রামের কয়েকজনও অনুষ্ঠানে যোগ দেন। তবে বর-কনের পরিবারের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #বিয়ে #ভারত #বৃদ্ধাশ্রম