রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ভারত-মিজোরাম সীমান্তের আকাশে সন্দেহজনক তিনটি ড্রোন উড়তে দেখে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ড্রোনগুলো লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি ছোড়েন ২৭ বিজিবির মারিশ্যা জোনের সদস্যরা। তবে গুলির পর ড্রোনগুলো দ্রুত সরে যায়। এগুলোর উৎস ও পরিচালনাকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তের আকাশে লাল ও সাদা আলো জ্বলতে থাকা তিনটি ড্রোন দেখতে পান বিজিবি সদস্যরা। এ সময় সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বে থাকা সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরে ড্রোনগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব জানান, শুক্রবার রাতে বিজিবির হেলিপ্যাডের ওপর হঠাৎ তিনটি রহস্যময় ড্রোন দেখতে পান সদস্যরা। এরপর আশপাশের সব সীমান্ত ফাঁড়িকে সতর্ক করা হয়। পরে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় ড্রোনগুলো ভূপাতিত করার উদ্দেশ্যে হালকা মেশিনগান দিয়ে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। গুলির পরপরই ড্রোনগুলো দ্রুত দূরে সরে যায়।
পাহাড়ের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অদৃশ্য শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেন মেজর সাকিব ইসরাক অপূর্ব।
এ বিষয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক রয়েছে। এ জন্য সব সীমান্ত ফাঁড়িকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
ড্রোনগুলো কোথা থেকে এসেছে, কারা পরিচালনা করছিল কিংবা বিজিবির গুলিতে সেগুলোর কোনো ক্ষতি হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি রাতের ভিডিওতে অন্ধকার আকাশের দিকে তাক করে বিজিবি সদস্যদের গুলি ছুড়তে দেখা যায়। এ সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।
এদিকে, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে গত কয়েক দিন ধরে বাঘাইছড়ির সাজেক ও মিজোরাম সীমান্তের দুর্গম এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। প্রায় ১৫১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা দিন-রাত টহল দিচ্ছেন।
এসি//