দেশজুড়ে edit this post

গোপালগঞ্জে বিজিবির ওপর হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ ধ্বংস ও সরঞ্জাম লুটের অভিযোগে ৮ জনের নাম উল্ল্যেখ করে মামলা হয়েছে। এতে আরও ৫ হাজার জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। মামলার এজাহারে ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) খুলনা থানায় উপস্থিত হয়ে বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি দায়ের করেন। আজ (২৭ নভেম্বর) গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,  গত ১৭ নভেম্বর  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিলো বিজিবি। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে রওনা দিয়ে উপজেলার নিলফা বাজারে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে পথ রোধ করেন।

তখন বিজিবির পক্ষ থেকে তাদের সরে যাওয়ার অনুরোধ করা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ করে। এ সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপ গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।  বাধা দিতে গেলে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন ও সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।

জিপে থাকা ৯০ রাউন্ড গুলিসহ তিনটি এসএমজির ম্যাগাজিনও পুড়ে ভস্মীভূত হয়। অপর একটি এপিসির টায়ার, ফগ লাইট ও পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুট করা হয়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির আনুমানিক মূল্য ৬ কোটি ৫১ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বিজিবি #মামলা