বিভিন্ন সময়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে আটক হওয়া ৪৩ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটকদের ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে যোগাযোগ ও প্রচেষ্টা চালানো হয়েছে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে আজ ৪৩ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বাংলাদেশি নৌকাসহ ৪৩৪ জন জেলেকে আটক করে আরাকান আর্মি। তাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা।
এর আগেও বিজিবির উদ্যোগে কয়েক দফায় ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি এবং ১৯১ জন রোহিঙ্গা নাগরিক ছিলেন।
আই/এ