নাটোর যাওয়ার পথে রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রী পেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সফরসঙ্গীদের নিয়ে কলেজে পৌঁছে বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন তিনি।
পরিদর্শনকালে একটি শ্রেণিকক্ষে একজন ছাত্রীকে দেখতে পেয়ে এক নারী শিক্ষকের কাছে মন্ত্রী জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়?’ জবাবে ওই শিক্ষক বলেন, ‘ক্লাসে একজন ছাত্রী আছে।’ শিক্ষার্থীর সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়েরা পড়ে এখানে, মোট ১৫ জন স্টুডেন্ট। একজন এসেছে।’
এ সময় আরেক শিক্ষক বলেন, ‘ওদের ক্লাসে অনেকেই এখনো ঢোকেনি।’ পরে মন্ত্রী জানতে চান, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না।’ জবাবে শিক্ষক জানান, সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকেরা শ্রেণিকক্ষে গেলেও শিক্ষার্থীরা হয়তো বাইরে অবস্থান করছে।
একপর্যায়ে এক শিক্ষক শিক্ষার্থীদের ক্লাসে আসার অনীহার কথা তুলে ধরে বলেন, ‘তাদের ক্লাসে আনা যায় না। ফোন করে আনতে হয়।’ তবে শিক্ষার্থীদের উপস্থিতি এত কম হওয়ার বিষয়ে শিক্ষকদের বক্তব্যে সন্তুষ্ট হতে পারেননি মন্ত্রী। তিনি নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে শিক্ষকদের আরও সক্রিয় ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন।
কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রী আকস্মিকভাবে কলেজ পরিদর্শনে এসেছিলেন। সাড়ে ১১টায় ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও মন্ত্রী কলেজে প্রবেশ করেন ১১টা ৩৮ মিনিটে। প্রায় ১৮ থেকে ২০ মিনিট অবস্থান করে সরাসরি চারতলায় চলে যান। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ক্লাসে ছেলে-মেয়েদের উপস্থিতি কম। বিষয়গুলো যেন মনিটর করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোহা. সাদিকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর মূল অনুষ্ঠান ছিল নাটোরের এনএস কলেজে।
রাজশাহী থেকে সড়কপথে নাটোর যাওয়ার সময় তিনি পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেন। সেখানে একজন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়। তিনি আরও বলেন, শিক্ষার্থী সংকট এখন অনেক কলেজেই রয়েছে। যেসব বিষয়ে শিক্ষার্থী নেই, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আগে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। পরে বিভাগীয় কমিশনারের মাধ্যমে বিষয়গুলো মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষামন্ত্রীকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে।
আই/এ