বিনোদন

বিয়েতে রাজি সুস্মিতা সেন, হবু পাত্রের জন্য ৩ শর্ত!

বিনোদন ডেস্ক

পঞ্চাশে পা রেখেও সৌন্দর্য, ব্যক্তিত্ব ও আভিজাত্যে মুগ্ধতা ছড়াচ্ছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। ১৯৯৪ সালে ‘মিস ইউনিভার্স’ খেতাব জয়ের পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার আকর্ষণে ভাটা পড়েনি। তবে অভিনয়জীবনের পাশাপাশি বরাবরই আলোচনায় থেকেছে তার ব্যক্তিগত জীবন ও প্রেমের সম্পর্ক। এবার বিয়ে নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, বিয়েতে আপত্তি নেই তার, তবে জীবনসঙ্গী হতে হলে পূরণ করতে হবে কিছু বিশেষ প্রত্যাশা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলেন সুস্মিতা।

তিনি জানান, বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকলেও মনের মতো মানুষ খুঁজে পাওয়াটাই তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সুস্মিতার কথায়, “আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন একজন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে এবং প্রতিটি মুহূর্তে আমাকে বুঝবে। কিন্তু আজকাল এমন মানুষ পাওয়া সত্যিই মুশকিল। যেদিন তেমন কাউকে খুঁজে পাব, সেদিনই বিয়ে করব।”

জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নিজের প্রত্যাশার বিষয়েও খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।

তিনি বলেন, “শুনতে হয়তো একটু অদ্ভুত লাগবে, কিন্তু আসলে আমার চাহিদার তালিকাটা বেশ লম্বা। সেই তালিকা যে পূরণ করতে পারবে, তাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেব। নাহলে আমি একাই বেশ ভালো আছি।”

সুস্মিতার প্রেমজীবনে একাধিকবার এসেছে নতুন সম্পর্ক ও বিচ্ছেদের অধ্যায়। অভিনেতা রণদীপ হুডা, পরিচালক বিক্রম ভাট এবং রেস্তরাঁ ব্যবসায়ী হৃতিক ভাসিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একসময় বলিউডে আলোচনা হয়েছে। কয়েক বছর আগে শিল্পপতি ললিত মোদির সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রকাশের পরও তাকে ঘিরে তৈরি হয় নানা জল্পনা।

তবে বর্তমানে পুরনো প্রেমিক রোহমান শলের সঙ্গে আবারও ঘনিষ্ঠতা বেড়েছে সুস্মিতার। তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে বলেও খবর রয়েছে। ফলে অভিনেত্রীর ভবিষ্যৎ জীবনসঙ্গী কে হবেন, তা নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

শেষ পর্যন্ত রোহমান শলের সঙ্গেই কি বিয়ের সিদ্ধান্ত নেবেন সুস্মিতা, নাকি জীবনে আসবেন নতুন কেউ—এখন সেই অপেক্ষাতেই তার ভক্তরা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সুস্মিতা সেন #বিয়ে