দেশজুড়ে

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় আগুন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী বিষয়ক সহসম্পাদক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে তার বাসার বারান্দায় আগুন লাগে। আগুন দেখতে পেয়ে ঘরের ভেতরে থাকা লোকজন চিৎকার শুরু করেন। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার সময় ফাহিম রহমান বাসায় ছিলেন না। সাংগঠনিক কাজে তিনি ঢাকায় অবস্থান করছিলেন।

অগ্নিকাণ্ডের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন তিনি।

এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সভাপতি প্রকৌশলী ইফতেখার শামীম আহমেদ। ফেসবুক পোস্টে তিনি ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি ফাহিম রহমানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ফাহিম রহমান খান পাঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা #এনসিপি