জাতীয়

পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,  ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো রক্তপাত চাইনি তাই ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বারবার যখন স্বৈরাতন্ত্রের আগমন হয়েছে প্রত্যেকবারই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে। একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং এরেকবার আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে।

তিনি বলেন, ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানই গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যা করে আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি। তারাও আর ফিরতে পারবে না।

তিনি আরও বলেন, আমরা গণতান্ত্রিক আচরণ করবো। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবো। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবো। এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না। এই প্রতিজ্ঞা আমাদের আছে, এ দেশের জনগণের আছে।

সালাহউদ্দিন আহমদ বলেন,  বিজয় মাস উপলক্ষ্যে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। গ্র্যান্ড র‍্যালির মাধ্যমে ১ তারিখ থেকেই বিজয়ের মাস পালন শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্রমন্ত্রী