কৃষি উৎপাদন ও ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে তারবিহীন প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজকে আরও আধুনিক, কার্যকর ও সময়োপযোগী করে তোলার নানা সম্ভাবনা ও প্রযুক্তির ব্যবহারিক দিক তুলে ধরতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়্যারলেস টেকনোলজিস ফর স্মার্ট অ্যাগ্রিকালচার’ শীর্ষক সেমিনার।
বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ক্লাবের উদ্যোগে সেমিনারটির আয়োজন করা হয়।সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
বক্তব্যে তিনি বলেন, কৃষির আধুনিকায়নে ওয়্যারলেস প্রযুক্তির বিকল্প নেই। সময়ের সঙ্গে এ প্রযুক্তি ব্যবহারের সুযোগ আরও বিস্তৃত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ সম্ভাবনাময় ক্ষেত্রে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বিদেশি শিক্ষাবিদের সঙ্গে জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরির জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। টেলকম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৃদ্ধি এবং গবেষণার উদ্দেশ্যে দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বিনিময় কার্যক্রম গড়ে উঠবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার টেলকম বিশ্ববিদ্যালয়ের টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হেনডি ব্রিয়ানতোরো। আলোচনায় তিনি তারবিহীন প্রযুক্তির সাহায্যে কৃষি ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিটির ব্যবহারিক প্রয়োগ এবং স্মার্ট কৃষি গড়ে তোলার ক্ষেত্রে এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলী আসগরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তানজিল হোসেন।
সেমিনারের শেষপর্বে আয়োজকদের পক্ষ থেকে প্রধান আলোচক হেনডি ব্রিয়ানতোরোর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
এমজে/এ