দেশজুড়ে

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে ড্রোন ও এটিভির মাধ্যমে কঠোর নজরদারি

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সীমান্তে সকল ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। ২৪ ঘণ্টা সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বিশেষ ড্রোন ও বিশেষ যান অল-টেরেইন ভেহিকল (এটিভি)। পাশাপাশি স্থানীয়দের সচেতন করতে মাইকিং করে প্রচারণা চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ এ নজরদারি কার্যক্রম শুরু করা হয়েছে। আজ (২৭ নভেম্বর) পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশপাশি অভিযানে তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে।

একই সাথে, অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভা করা হচ্ছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড় #বিজিবি