দেশজুড়ে

নিখোঁজের চার দিন পর বালু চাপা অবস্থায় ভ্যানচালকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে বালুর নিচে পুঁতে রাখা অবস্থায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাজ্জাক সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকার মৃত হারু শেখের ছেলে। তিনি পেশায় অটোভ্যানচালক ছিলেন।

শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার সমেশপুর এলাকায় হাবিব স্মৃতিসৌধের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বেলকুচি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সবুজ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি রাজ্জাক। পরিবারের সদস্যরা তাঁর খোঁজ না পেয়ে উদ্বেগের মধ্যে ছিলেন। এর চার দিন পর শনিবার সকালে সমেশপুর এলাকায় স্মৃতিসৌধের পাশে বালুর নিচে চাপা দেওয়া একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাঁদের খবরের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নিহতের বোন হোসনে আরা। তিনি মরদেহটি নিজের ভাই আব্দুর রাজ্জাকের বলে শনাক্ত করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, অটোভ্যান ছিনিয়ে নেওয়ার জন্য রাজ্জাককে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

বেলকুচি থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সবুজ জানান, উদ্ধার করা মরদেহটি শনিবার দুপুরের দিকে সিরাজগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ভ্যানচালক #মরদেহ #সিরাজগঞ্জ