দেশজুড়ে

গ্যারেজ মালিককে হত্যা করে ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট

মুন্সীগঞ্জের গ্যারেজের মালিক ও তার স্ত্রীকে মারধর করে রশি দিয়ে বেঁধে ৭২টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। ডাকাতদের মারধরে অহিদুল্লাহ (৫৪) নামের গ্যারেজ মালিকের ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। তার স্ত্রীর নাম ওসনা খাতুন।

রোববার (২৩ নভেম্বর) মধ্যরাতে  শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, একদল দুর্বৃত্ত গ্যারেজের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় অহিদুল্লাহ ও তার স্ত্রী ওসনা খাতুনকে মারধর করে রশি দিয়ে বেঁধে ফেলা হয়। পরে গ্যারেজে থাকা অটোরিকশাসহ মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অহিদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

ওসি মো. আতাউর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আই/এ                                                   

এ সম্পর্কিত আরও পড়ুন #মুন্সীগঞ্জ #ডাকাত