আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় আদালত অবমাননার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন ট্রাইব্যুনাল। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন।
প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ ও বিচারক মো: মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালকে নিজের ব্যাখ্যায় ফুয়াদ বলেন, গত ২৮ অক্টোবর রাজনৈতিক একটি সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার-ভুক্তভোগীদের নিয়ে বিভিন্ন কথা বলেছি। কিন্তু ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে- এমন কোনও বক্তব্য দেইনি। যা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এছাড়া ট্রাইব্যুনাল নিয়ে কথা বলার কোনও উদ্দেশ্য ছিল না। আমি পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছি। টিআইবির একটি প্রতিবেদন উদ্ধৃত করে দুর্নীতির কথা তুলে ধরেছি। তার বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল তাকে সতর্ক করেন এবং ভবিষ্যতে বিচারপ্রক্রিয়া নিয়ে এ ধরনের মন্তব্য না করার নির্দেশ দেন। এরপর আদালত অবমাননার অভিযোগের বিষয়টি নিষ্পত্তি করা হয়।
ট্রাইব্যুনাল বলেন, ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’—এ ধরনের বক্তব্য বড় ধরনের অপরাধ। আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে। আদালত অবমাননা করলে জেলে যেতে হয়।’
রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সম্মান করার তাগিদ দিয়ে ট্রাইব্যুনাল বলেন, “কারও একটি বক্তব্যে কোনো প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা নষ্ট হতে পারে। ফুয়াদ নিজেও একজন ব্যারিস্টার হওয়ায় তার কাছ থেকে এ ধরনের বক্তব্য ‘প্রত্যাশিত নয়।’ ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে।”
এরপর নিজের মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ বলেন ফুয়াদ। ভবিষ্যতে এ ধরনের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিচারব্যবস্থাকে যেকোনো ধরনের সহায়তা করার কথাও জানান।
এর আগে, ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার অভিযোগ এনে ব্যারিস্টার ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে তাকে সশরীরে হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য ৪ নভেম্বর দিন ধার্য করা হয়।
তবে ‘ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায়’ সেদিন হাজির হতে পারেননি ফুয়াদ। সেদিন তার আইনজীবী জুবায়ের আহমেদ ভূঁইয়া আদালতের কাছে ৩০ দিন সময় চেয়ে আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল ২৩ নভেম্বর পর্যন্ত সময় দেয়।
উল্লেখ্য, এবি পার্টির একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দিয়েছিলেন ব্যারিস্টার ফুয়াদ। একপর্যায়ে ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় বা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তার এ বক্তব্য ট্রাইব্যুনালের নজরে আসার পর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করা হয় বলে জানিয়েছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
এমজে/এ