আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে চারটি ফ্লাইট দিয়ে যাত্রীসেবা চালু হবে টার্মিনালটিতে। এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হবে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ অন্যান্য এয়ারলাইনসের ফ্লাইট দিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হবে।
এ সময় আরেক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নিয়ে প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, ফিজিবিলিটি স্টাডিতে দেখা গেছে, ১০০ কিলোমিটারের মধ্যে নতুন বিমানবন্দর নির্মাণের প্রয়োজন নেই। এ ছাড়া আগামী ১৫ বছরের মধ্যে আরেকটি বিমানবন্দর নির্মাণ করাও কঠিন। তাই শর্ত মেনে নেওয়া হয়েছে। তবে এতে খুব একটা পিছিয়ে পড়েছেন বলে মনে করেন না তিনি।
মন্ত্রী জানান, থার্ড টার্মিনাল পুরোপুরি চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে।
এদিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। তবে আগামী ১ ডিসেম্বর বিমানবন্দরটির উদ্বোধন হচ্ছে না। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের দিনক্ষণ নির্ধারণ করা হবে।
এসি//