স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করার পাশাপাশি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এ সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বঙ্গভবনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন রাষ্ট্রপতি।
সাক্ষাতে স্বাস্থ্যমন্ত্রী আগামী ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পরিবার পরিকল্পনা সেবাবিষয়ক বছরব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার বছরব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে মানুষকে সচেতন করার পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা পৌঁছে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বিগত সরকারের সময়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাত অবহেলিত ছিল। এ খাতের উন্নয়নে বর্তমান সরকার বাজেট বাড়ানো, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন হাসপাতাল নির্মাণ এবং চিকিৎসাসেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে হেলথ কার্ডসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেসসচিব ছাড়াও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিন্নাত রেহানা উপস্থিত ছিলেন।
এসি//