বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা নিয়ে এসেছে।
তিনি আরও বলেন, রোহিঙ্গা শিবিরে ডাচেস অব এডিনবার্গের পরিদর্শন এই মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে। এ সংকট সমাধানে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
এ সময় ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানান রাষ্ট্রপতি। নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তার দীর্ঘদিনের অবদানেরও প্রশংসা করেন তিনি।

যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
সাক্ষাৎকালে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বাড়ানো, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় ডাচেস অব এডিনবার্গ তার তিন দিনের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। সফরকালে কক্সবাজারের রোহিঙ্গা শিবির, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংসহ (বিপসট) বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের কথা জানান তিনি।
বাংলাদেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানেরও প্রশংসা করেন ডাচেস অব এডিনবার্গ।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তার এই সফর বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
এসি//