জাতীয়

আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

বায়ান্ন প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ। সোমবার (০৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

সংবিধান অনুযায়ী, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে নতুন অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। সেই সাংবিধানিক শর্ত পূরণেই বসছে এবারের অধিবেশন। গত ১৪ অক্টোবর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। আগামী জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের সময়সীমা কম রাখা হচ্ছে।

অধিবেশনে নিয়মিত প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ ও সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে সংসদ সদস্যদের কাছ থেকে মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে।

অধিবেশনের কার্যদিবস ও কর্মসূচি নির্ধারণে গত রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে। আগামী ১৮ নভেম্বর অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।

এদিকে বৈঠকে জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত সদস্যরা প্রস্তাবটিকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানান।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সংসদ অধিবেশন #প্রধানমন্ত্রী তারেক রহমান