জাতীয় edit this post

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি সফরে আগামী ১০ থেকে ১২ নভেম্বর দেশটিতে অবস্থান করবেন তিনি।

সোমবার (০৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন শুরু হয়েছে সোমবার। আনতালিয়া এক্সপো সেন্টারে আয়োজিত এ সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে আগামী ১১ ও ১২ নভেম্বর অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় দুটি পৃথক পর্বে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ ছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও একাধিক বৈঠক হতে পারে।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের সম্মেলনে বাংলাদেশ পর্যাপ্ত অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবি জানাবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে সহজলভ্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা চাওয়া হবে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই এবারের সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ ও অবস্থান বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা।

তাদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, মানবতার ভবিষ্যৎ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় বিশ্বনেতাদের জন্য এ সম্মেলন গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের অধীনে আয়োজিত কনফারেন্স অব দ্য পার্টিস বা কপ সম্মেলন বৈশ্বিক জলবায়ু কূটনীতির অন্যতম বড় আয়োজন। ৯ নভেম্বর শুরু হওয়া এবারের সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত।

এবারের সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ কমানো এবং ভবন নির্মাণ খাতে জ্বালানির ব্যবহার ২৫ শতাংশ হ্রাসের লক্ষ্য নিয়ে আলোচনা হবে। পাশাপাশি প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ ও জলবায়ু অর্থায়ন বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধানমন্ত্রী তারেক রহমান #কপ-৩১ #তুরস্ক