আইন-বিচার

ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীরের দায়ের করা এ সংক্রান্ত এক রিটের প্রেক্ষিতে আদালত একই সাথে এ বিষয়ে রুল জারি করেছেন। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে হবে।

রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর জানান, এই নীতিমালা প্রণয়নে অবিলম্বে সাইবার-সিকিউরিটি বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে একটি স্বাধীন কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যানকে এই নির্দেশ পালন করতে হবে। রিটে সরকারের এসব কর্তা ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

এ আইনজীবী জানান, শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে একটি নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, এবং এই নীতিমালা প্রণয়নে এবং শিশুদের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিরূপণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত।

রিট আবেদনে আইসিডিডিআরবির এক গবেষণা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ঢাকার ৫ জন শিশুর মধ্যে ৪ জনেরও বেশি (৮৩ শতাংশ) প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়।এই ব্যবহার শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশকৃত সময় সীমা ছাড়িয়ে যাচ্ছে। গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা ব্যয় করছে।

গবেষকদের তথ্য অনুযায়ী, স্ক্রিন আসক্তির ফলে এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে। অন্যদিকে, ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হচ্ছে। প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিন ব্যবহার করা শিশুদের ঘুমের সময়ও উল্লেখযোগ্যভাবে কম।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হাইকোর্ট