স্বাস্থ্য edit this post

হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্বের কারণ খতিয়ে দেখতে কমিশন গঠন

বায়ান্ন প্রতিবেদন

অন্তর্বর্তী সরকারের সময়ে হামের টিকা কেনা ও বিতরণে কোনো অনিয়ম বা গাফিলতি হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। একই সঙ্গে এসব ঘটনার জন্য কারা দায়ী, তা-ও নির্ধারণ করবে কমিশন।

বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তর্বর্তী সরকারের মেয়াদে হামের টিকা কেনা ও বিতরণ কার্যক্রমে কোনো অনিয়ম, বিলম্ব বা প্রশাসনিক ব্যর্থতা ছিল কি না, তা তদন্ত করবে কমিশন।

কমিশনের সভাপতি করা হয়েছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

কমিশনকে ৬০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। টিকা কেনা ও বিতরণে দেরি বা অনিয়মের কারণ অনুসন্ধানের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়ও নির্ধারণ করবে কমিশন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশও দেবে তারা।

তদন্তের প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের তলব করে জিজ্ঞাসাবাদ করতে পারবে কমিশন। এ ছাড়া দেশের যেকোনো স্থানে গিয়ে তদন্ত করার ক্ষমতাও দেওয়া হয়েছে তাদের। কমিশনকে প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা দেবে স্বাস্থ্যসেবা বিভাগ।

এ সম্পর্কিত আরও পড়ুন #হামের টিকা